রাত ১টার মধ্যে খুলনাসহ ১৪ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (১৯ জুন) গভীর রাত পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আবহাওয়ার আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার (২০ জুন) সকাল পর্যন্ত দেশের সব বিভাগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণও হতে পারে। আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন স্থানে এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Post a Comment