অগ্নিকাণ্ডের ১৪ দিন পর আবার চালু হচ্ছে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল
অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির পর মাত্র ১৪ দিনের মধ্যে পুনরায় চালু হচ্ছে খুলনার বেসরকারি পর্যায়ের বৃহৎ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল।
আজ বৃহস্পতিবার থেকে হাসপাতালের কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে আগামীকাল বিকেলে বহির্বিভাগ, কনসালটেশন সেন্টার এবং ডায়ালাইসিস বিভাগ চালু করা হবে। আগামী শুক্রবার থেকে রোগী ভর্তিসহ আন্তঃবিভাগের সব সেবা কার্যক্রম শুরু হবে।
গত ১১ জুন রাতে নগরীর ময়লাপোতা মোড় এলাকার ১৭ তলা ভবনবিশিষ্ট এই হাসপাতালে বেজমেন্টে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে বেজমেন্টের জেনারেটর, বৈদ্যুতিক সাবস্টেশন, অক্সিজেন প্লান্ট ও ওষুধের স্টোরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে উপরের তলার বহির্বিভাগ, ওয়ার্ড, আইসিইউ, সিসিইউসহ গুরুত্বপূর্ণ ইউনিট অক্ষত থাকে।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে প্রায় আড়াইশ রোগী ভর্তি ছিলেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, নৌবাহিনী ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় সবাইকে নিরাপদে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই ঘটনায় প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতির দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সেবা চালু করতে নতুন করে বৈদ্যুতিক সাবস্টেশন ও অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেনারেটর ভাড়া নিয়ে কার্যক্রম সচল রাখা হয়েছে।
হাসপাতালের পরিচালক জানান, খুলনায় চিকিৎসা সেবার ওপর মানুষের নির্ভরতা বেশি হওয়ায় দ্রুত সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের সেবা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।
কর্তৃপক্ষের দাবি, দ্রুত পুনরায় সেবা চালু হওয়ায় চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment