ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৪ জুন জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বর্তমান পরিচালনা পর্ষদের দায়িত্ব বাতিল করা হয়েছে। নতুন প্রশাসক হিসেবে মোহাম্মদ জহির হোসেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপের ফলে ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম এখন প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত হবে। সংশ্লিষ্ট মহলের মতে, ব্যাংকটির কার্যক্রমে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
