আনন্দঘন পরিবেশে স্মৃতি আইসিটি ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
আনন্দ, আবেগ ও শুভকামনার মধ্য দিয়ে কয়রায় স্মৃতি আইসিটি ব্যাচের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়। বিদায়ী শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্মৃতি আইসিটি ব্যাচের পরিচালক ও প্রভাষক শাহানূর আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
খুলনা থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বক্তারা শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্মৃতি আইসিটি ব্যাচের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শিক্ষার প্রসারে স্মৃতি আইসিটি ব্যাচ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিবছর অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার বিভিন্ন পর্যায়ে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। উপজেলার শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিদায়ী শিক্ষার্থী আদিত্য সজিব হাসান অনুভূতি প্রকাশ করে বলেন, “স্মৃতি আইসিটি ব্যাচ শুধু আমাদের পাঠদানই করেনি, বরং ভবিষ্যতের পথচলার জন্য আত্মবিশ্বাস ও প্রেরণাও জুগিয়েছে। এখানে কাটানো সময় ও শিক্ষকদের সহযোগিতা আমরা সব সময় মনে রাখব।”
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে প্রভাষক শাহানূর আলম বলেন, অধ্যবসায়, আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। তিনি ২০২৬ সালের সকল এইচএসসি পরীক্ষার্থীর সফলতা কামনা করেন এবং তাদের জন্য অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment