✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান অব্যাহত



ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, আহত হয়েছেন আরও বহু মানুষ এবং বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, অনেককে হাসপাতালে নেওয়ার আগেই বা চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর পর মৃত ঘোষণা করা হয়। ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলমান থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলের ভবন, সড়ক ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আটকে পড়াদের খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী জানিয়েছেন, ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগলের জরুরি সতর্কবার্তা পৌঁছেছিল। তাদের দাবি, আগাম এই সতর্কতা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সহায়তা করেছে।

গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম স্মার্টফোনের সেন্সরের মাধ্যমে প্রাথমিক ভূকম্পন শনাক্ত করে। একই এলাকায় একাধিক ডিভাইস থেকে তথ্য পাওয়ার পর সম্ভাব্য ভূমিকম্প বিশ্লেষণ করে আশপাশের ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়।

বিশেষজ্ঞদের মতে, প্রচলিত ভূমিকম্প পর্যবেক্ষণ অবকাঠামো সীমিত এমন অঞ্চলে এই প্রযুক্তি দ্রুত সতর্কতা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×