চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বর্ণা খাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার নানি সাজেদা খাতুন।
রোববার দুপুরে উপজেলার চিৎলা দেশ ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর শিশু স্বর্ণাকে নিয়ে মা ও নানি ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে শিশুটি মায়ের কোলে থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত হন নানিও।
পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দীন জানান, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
