কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে খুলনায় দিনব্যাপী আঞ্চলিক বিপণন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার খুলনা সিএসএস আভা সেন্টারে কৃষি বিপণন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং পার্টনার প্রকল্প (ডিএএম) এপিসিইউ-এর অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এম এম আরিফ পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিজ সিফাত মেহনাজ এবং পার্টনার প্রকল্প ডিএএম-এর এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. আব্দুল্লাহ আল ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মোছা. শাহনাজ বেগম। মূল নিবন্ধ উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার তৌহিদ মোহাম্মদ রাশেদ খান।
কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তারা কৃষিপণ্যের বিপণন ব্যবস্থার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।
দিনের শেষে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম এম আরিফ পাশা খুলনায় পার্টনার প্রকল্প ডিএএম-এর অর্থায়নে পরিচালিত বিশুদ্ধ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন-দ্য-জব প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং কৃষি খাতের আধুনিকায়ন ও বাজারমুখী উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
