সুন্দরবনের হরিণটানা খাল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা জোনাব বাহিনীর সক্রিয় সদস্য।
বুধবার (১০ জুন) কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় ওই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। অভিযানকালে তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় জেলে ও বাওয়ালিদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, অপহরণ এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনকে বনদস্যুমুক্ত রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
