ফরিদপুরে ঘুমন্ত স্বামীকে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখমের অভিযোগে স্ত্রী আটক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘুমন্ত স্বামীকে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) ভোরে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হানিফ শেখ (৩০) পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী। তিনি ভাঙ্গা উপজেলার মানিকদী ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের রফিক শেখের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আটক সুমাইয়া আক্তার সুমি নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাসিন্দা। স্বামী-স্ত্রী ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগের রাতে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো ব্লেড দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। হানিফের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে আটক করে।
অভিযুক্ত সুমাইয়া আক্তার সুমি দাবি করেন, স্বামীর একাধিক বিয়ে ও পরকীয়ার অভিযোগ এবং দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment