✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

নাইজারের প্রধান বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫



নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশটির প্রধান বিমানবন্দর ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সংঘটিত এ হামলায় নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর দ্রুত পাল্টা অভিযানে হামলাটি নিয়ন্ত্রণে আসে। অভিযানে আরও কয়েকজন হামলাকারী আহত হন এবং সন্দেহভাজন অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে রকেট লঞ্চার, স্বয়ংক্রিয় রাইফেল, গ্রেনেড, বিস্ফোরক, যোগাযোগ সরঞ্জামসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (JNIM)। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজের কিছুক্ষণ পর বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়, যা রাজধানীজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

হামলার পর নিরাপত্তা বাহিনী বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক অভিযান চালায় এবং পুরো এলাকা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যানবাহন ও যাত্রীদের তল্লাশিও বাড়ানো হয়েছে।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তার মতে, সময়মতো অভিযান চালানো না হলে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারত।

উল্লেখ্য, গত পাঁচ মাসের মধ্যে এটি একই বিমানবন্দরে দ্বিতীয় বড় হামলা। দীর্ঘদিন ধরে জঙ্গি সহিংসতায় অস্থিতিশীল নাইজারে নিরাপত্তা পরিস্থিতি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×