খুলনা নগরীর লবণচরা এলাকা থেকে মো. পারভেজ গাজী (৩২) নামের এক কথিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার পারভেজ লবণচরা থানার মোক্তার হোসেন রোডের ৭ নম্বর গলির নূর ইসলাম গাজীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নগরীর তালিকাভুক্ত ‘আশিক গ্রুপ’-এর প্রধান শুটার হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ২১ মে দুপুরে পারভেজ মোটরসাইকেলে করে লবণচরা থানার পুটিমারী বাজার এলাকায় একটি স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে গুলি চালায়। এ ঘটনায় যুবদল নেতা ও বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ ও জাহিদ আহত হন। তাদের একজনের পায়ে এবং অন্যজনের হাতে গুলি লাগে। ঘটনার পরপরই পারভেজ ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রেখেছে।
