উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মায়ের নামে রেজিস্ট্রি করা জমি নিয়ে বিরোধ, ভেঙেছে ১৮ বছরের সংসার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার শেখপাড়া গ্রামে মায়ের নামে রেজিস্ট্রি করা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ১৮ বছরের সংসার ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বর্তমানে প্রতিবন্ধী এক সন্তানসহ দুই ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন লুৎফুন নাহার নামে এক নারী।

ভুক্তভোগির অভিযোগ, প্রায় ১৮ বছর আগে নিজের ও স্বামী শাহিনুর রহমানের কষ্টার্জিত অর্থে ১০ শতক জমি কেনেন তিনি। তবে নামজারি সংক্রান্ত জটিলতার কারণে পারিবারিক বিশ্বাসের জায়গা থেকে জমিটি মায়ের নামে রেজিস্ট্রি করা হয়। পরে নিজের নামে জমি লিখে দেওয়ার অনুরোধ জানালেও মা আনোয়ারা বেগম তাতে রাজি হননি বলে দাবি করেন তিনি।

লুৎফুন নাহারের ভাষ্য, জমি নিয়ে বিরোধের কারণে পরিবারে অশান্তি বাড়তে থাকে। একপর্যায়ে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এবং ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। বর্তমানে দুই সন্তানকে নিয়ে চরম আর্থিক ও মানসিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। তার এক ছেলে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত এ বিরোধ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে এবং এর প্রভাব লুৎফুন নাহারের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পড়েছে। বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন বলে মনে করছেন তারা।

তবে মেয়ের অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ারা বেগম। তার দাবি, ১০ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ তার নিজের এবং বাকি ৫ শতাংশ লুৎফুন নাহারের। জমি কেনার অর্থের একটি অংশ মেয়ে ও জামাতা দিলেও বাকি অর্থ তার স্বামী শেখ আব্দুল লতিফ দিয়েছেন বলে তিনি জানান।

এদিকে জমির বিক্রেতা কাজী উমর আলী জানান, জমি বিক্রির সম্পূর্ণ অর্থ লুৎফুন নাহার ও তার স্বামী শাহিনুর রহমান পরিশোধ করেছিলেন। তাদের পক্ষে শেখ আব্দুল লতিফ টাকা পৌঁছে দিয়েছিলেন মাত্র।

জমির মালিকানা নিয়ে বিপরীতমুখী দাবির কারণে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পারিবারিক এই বিরোধের ন্যায়সঙ্গত সমাধান হলে দীর্ঘদিনের সংকট নিরসন হতে পারে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন