✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ গেল নারী জেলের



বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন শেলা নদীতে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫২) নামে এক নারী জেলের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বন বিভাগের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৫টার দিকে শেলা নদীর লঞ্চঘাট এলাকার কাছে জাল দিয়ে মাছের পোনা সংগ্রহ করছিলেন সেলিনা বেগম। তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন। এ সময় হঠাৎ নদী থেকে উঠে আসা একটি কুমির তাকে আক্রমণ করে পানিতে টেনে নেওয়ার চেষ্টা করে।

সহযোগী দুই জেলে তাৎক্ষণিকভাবে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করলে একপর্যায়ে সেলিনাকে ছাড়িয়ে আনতে সক্ষম হন। তবে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের বাসিন্দা এবং আব্দুল শেখের স্ত্রী।

সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তারা জানান, ঘটনাটি শেলা নদী এলাকায় ঘটেছে। তবে ওই সময় নদীতে মাছের পোনা সংগ্রহের কার্যক্রম বৈধ ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ কারণে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি অনিশ্চিত হতে পারে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×