খুলনার কয়রায় সুন্দরবনের একটি খালে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার করে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ।
শনিবার (২০ জুন) সকালে কাশিয়াবাদ স্টেশনের কর্মকর্তা নাসির উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুন্দরবনের মাদারবাড়ি খাল থেকে তাদের আটক করা হয়।
অভিযান চলাকালে দুটি মাছ ধরার নৌকা, চার বোতল নিষিদ্ধ কীটনাশক, প্রায় ৬৫ কেজি চিংড়ি এবং মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের আল মামুন ও মাসুম বিল্লাহ।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক দুজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে বন এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিবেদক-শহিদুল ইসলাম
