শাশুড়িকে হত্যা দেখতে পেয়ে দুই শিশুকেও হত্যা, আদালতে সৎ বাবার স্বীকারোক্তি
খুলনা মহানগরীতে শাশুড়িকে হত্যা করার ঘটনা দেখে ফেলায় দুই শিশুকেও হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সৎ বাবা রফিকুল ইসলাম হাওলাদার।
শনিবার খুলনা মহানগর হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৩০ মে নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি বাসা থেকে বেবী বেগম ও তার দুই নাতি শামীম এবং মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন সকালে শাশুড়ির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে রফিকুল ইসলাম তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটি দুই শিশু দেখে ফেলায় তাদেরও হত্যা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি।
ঘটনার পর তিনজনের মরদেহ ঘরের বিভিন্ন স্থানে রেখে বাসায় তালা দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। পরবর্তীতে বরিশাল থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
