খুলনার পাইকগাছা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ২৮ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৪১টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, শিশুমৃত্যু প্রতিরোধ এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এ ক্যাম্পেইনের আয়োজন করে।
ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও কার্যক্রম তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ১৫০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
