আওয়ামী লীগকে ‘মাফিয়া পার্টি’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক থাকার নির্দেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগকে তিনি রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি ‘মাফিয়া পার্টি’ হিসেবে বিবেচনা করেন। তিনি জানান, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের তৎপরতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। সরকার সেখানে অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের নিষ্ঠা ও সফল কর্মকাণ্ডের স্বীকৃতি দিতেই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment