✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

ইউরোপজুড়ে তীব্র দাবদাহ, স্পেনে ৩২৭ জনের মৃত্যু



ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিরিক্ত গরমে স্পেনে অন্তত ৩২৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ফ্রান্সসহ অন্যান্য দেশেও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

সরকারি তথ্য অনুযায়ী, স্পেনে দাবদাহের পাশাপাশি দাবানলের ঝুঁকিও বেড়েছে। বার্সেলোনার একটি বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ১৬ হাজার মানুষকে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফ্রান্সে তীব্র গরমের কারণে প্যারিসের সব হাসপাতালে জরুরি পরিকল্পনা চালু করা হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে রোগীর চাপ বাড়ছে এবং বাড়িতেও আকস্মিক মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দাবদাহ শুরুর পর অনিরাপদ স্থানে সাঁতার কাটতে গিয়ে ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। জার্মানির সারব্রুকেনে ৪১ দশমিক ৩ ডিগ্রি, বেলজিয়ামের ক্লাইন ব্রোগেলে ৪০ ডিগ্রি, নেদারল্যান্ডসের লিমবার্গে ৩৯ দশমিক ৪ ডিগ্রি এবং যুক্তরাজ্যের সাফোকে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী কয়েক দিনে তাপপ্রবাহ আরও উত্তর ও পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়তে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন চরম আবহাওয়া ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা দিতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

তীব্র গরমের কারণে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যবস্থা এবং বিভিন্ন জনসমাগমমূলক অনুষ্ঠানেও প্রভাব পড়েছে। কয়েকটি দেশে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে বড় বড় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাশাপাশি হিমবাহ দ্রুত গলতে শুরু করায় জলবায়ু বিশেষজ্ঞরা নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×