রায়পুরে ভাড়া বাসায় মা ও দুই মেয়েকে হত্যার ঘটনা, অপর মেয়ে আশঙ্কাজনক
লক্ষীপরের রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকায় একটি ভাড়া বাসায় ঢুকে এক নারী ও তার দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। গুরুতর আহত অবস্থায় শাহিনুরের আরেক মেয়ে ইকরা আক্তারকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে পরিবারটি ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। সকালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা সন্দেহভাজন এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত ও আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত সন্দেহভাজন যুবককেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment