খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া-রোনবাগ সড়কে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সড়কে পিচ ঢালাইয়ের কয়েক দিনের মধ্যেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করেছে।
মঙ্গলবার বিকেলে এলাকাবাসী সড়কের কয়েকটি স্থানে পিচের স্তর তুলে নিম্নমানের কাজের অভিযোগ তুলে ধরেন। এ সময় তারা চলমান নির্মাণকাজে আপত্তি জানিয়ে কাজ সাময়িকভাবে বন্ধ করে দেন।
স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করা হয়নি। ফলে নতুন নির্মিত অংশে ফাটল ও পিচ খসে পড়ার মতো সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। প্রকল্পের পরবর্তী ধাপের কাজ শেষে সড়কের চূড়ান্ত অবস্থা দৃশ্যমান হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী দ্রুত তদন্ত ও মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
