চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি বাস ও কক্সবাজারগামী আরেকটি বাসের সংঘর্ষে দুটি যানবাহন সড়কের পাশে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে লোহাগাড়া ট্রমা সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
