খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় উপকূল রক্ষা বেড়িবাঁধের নিরাপত্তা জোরদারে অবৈধভাবে বসানো লোনা পানি উত্তোলনের পাইপ অপসারণ এবং ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া থেকে হোগলা পর্যন্ত কপোতাক্ষ নদসংলগ্ন ২৪০ মিটার বেড়িবাঁধ প্রায় ২৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে। একই সঙ্গে বাঁধে স্থাপন করা অবৈধ পাইপগুলো অপসারণ করে ক্ষতিগ্রস্ত স্থানগুলো প্রকৌশলগত মান বজায় রেখে মাটি ভরাট ও ঢালাইয়ের মাধ্যমে পুনর্নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে বাঁধে ছিদ্র করে লোনা পানি তুলে চিংড়ি চাষের কারণে বাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছিল। এ কারণে ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে অবৈধ পাইপ অপসারণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানগুলো স্থায়ীভাবে মেরামত করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উপকূল রক্ষা বাঁধের স্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকেও সরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়—এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, অবৈধ পাইপ অপসারণ ও সংস্কারকাজ শেষ হওয়ায় বেড়িবাঁধের নিরাপত্তা অনেকটা বেড়েছে এবং উপকূলীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
