পাঁচ মাস পর কবর থেকে মহিবুজ্জামান কচির মরদেহ উত্তোলন, পুনঃময়নাতদন্তের নির্দেশ
খুলনা আলিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কচি (৬৩) হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আদালতের নির্দেশে পাঁচ মাস পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে খুলনা মহানগরের টুটপাড়া কবরস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের কার্যক্রম সম্পন্ন হয়। পরে তা পুনঃময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের পর আদালত এ নির্দেশ দেন। মরদেহ উত্তোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন খুলনা আলিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মহিবুজ্জামান কচির মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, কেন্দ্রে সংঘটিত হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে অপর পক্ষের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পরবর্তীতে নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হলে আদালত তদন্তের দায়িত্ব পিবিআইকে প্রদান করেন। তদন্তের স্বার্থে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে আদালতের নির্দেশে মরদেহ পুনঃময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
মামলার বাদী ইউসুফ হারুন মজনু বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন তারা।
This theme has been developed by OURISLABD.
Post a Comment