ভারী বৃষ্টির আভাস, ১৭ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪–৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমির বেশি) বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
এছাড়া দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
This theme has been developed by OURISLABD.

Post a Comment