খুলনায় বস্তাবন্দি কিশোরীর মরদেহ: হত্যার দায় স্বীকার করলেন মা, পলাতক বাবাকে খুঁজছে পুলিশ
খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলায় তার মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫) গ্রেপ্তার হয়েছেন। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। এদিকে মামলার আরেক আসামি ও নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৮ জুলাই রাতে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং তদন্ত শুরু হয়।
তদন্তে সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। এরপর ১০ জুলাই পুলিশ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করে।
জিজ্ঞাসাবাদে আরিফা ইয়াসমিন সিমা প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে হত্যার দায় স্বীকার করেন বলে জানায় পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী, মেয়ের ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক বিরোধের একপর্যায়ে তিনি তাকে হত্যা করেন। পরে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রেখে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়।
পুলিশ আরও জানায়, ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে সিমাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের লাঠিও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পলাতক মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের চেষ্টা এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কেএমপি।
This theme has been developed by OURISLABD.
Post a Comment