বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে খুলনার কয়রা উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে উপজেলার প্রধান সড়কে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
রবিবার বিকেলে জনপ্রিয় যুব নেতা ইহছানুর রহমান (ইছান) ও আহাদুর রহমান (লিটন)-এর নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। র্যালিটি কয়রা বাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা। অনেকেই প্রিয় দলের জার্সি পরে এবং মোটরসাইকেলে পতাকা বেঁধে অংশ নেন। র্যালি চলাকালে আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও র্যালিটি উপভোগ করেন।
আয়োজকদের একজন ইহছানুর রহমান (ইছান) বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগের জায়গা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেই এ আয়োজন করা হয়েছে।
আহাদুর রহমান (লিটন) বলেন, খেলাকে ঘিরে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। সবাই যেন উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে পারেন, সেই প্রত্যাশা থেকেই এ র্যালির আয়োজন।
আয়োজকদের দাবি, র্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শ আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে কর্মসূচি শেষ হয়।
