খুলনা প্রতিনিধি:
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর অবশেষে সুন্দরবনে অবমুক্ত করা হচ্ছে শিকারিদের ফাঁদে আহত হওয়া একটি বাঘিনীকে। চিকিৎসক দলের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় বাঘিনীটিকে সম্পূর্ণ সুস্থ এবং বনে ফিরে যাওয়ার উপযোগী ঘোষণা করা হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, গত ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ শিকারিদের পাতা ছিটকা ফাঁদে আটকে গুরুতর আহত হয় প্রায় ১০ বছর বয়সী বাঘিনীটি। পরে বন বিভাগের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসে।
সেখানে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দীর্ঘ ছয় মাস চিকিৎসা, নিয়মিত পরিচর্যা ও পর্যবেক্ষণের মাধ্যমে বাঘিনীটি সুস্থ হয়ে ওঠে। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা তাকে বনে অবমুক্ত করার অনুমোদন দেন।
বন বিভাগ জানিয়েছে, বাঘিনীটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং বর্তমানে তার ওজন প্রায় ৯০ কেজি। চিকিৎসার পর সে স্বাভাবিকভাবে চলাফেরা ও শিকার ধরতে সক্ষম হয়েছে।
আগামী ১২ জুলাই সকালে নদীপথে বাঘিনীটিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে নিয়ে অবমুক্ত করা হবে। বন বিভাগের কর্মকর্তাদের মতে, বাংলাদেশে এই প্রথম কোনো আহত সুন্দরবনের বাঘকে দীর্ঘমেয়াদি চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আবার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাঘিনীটি সম্পূর্ণ সুস্থ হয়েছে। চিকিৎসক দলের ছাড়পত্র পাওয়ার পর নির্ধারিত সময়েই তাকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
