খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের কুশোডাংগা এলাকায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক।
অভিযোগ অনুযায়ী, রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করলে পানির সঙ্গে মাছও নষ্ট হয়ে যায়। পরে ঘেরে গিয়ে বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ার বিষয়টি দেখতে পান মালিক।
ঘেরের মালিক লুতফর রহমান খোকন জানান, বিষ প্রয়োগের ঘটনায় তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
