পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় টানা তিন দিনের বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়েছে। নিম্নচাপের প্রভাবে গত ৫ জুলাই থেকে শুরু হওয়া বৃষ্টি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবীরা।
টানা বৃষ্টির কারণে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে মানুষের চলাচল কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। ফলে ব্যস্ত এলাকাগুলোতেও দেখা দিয়েছে জনশূন্যতা।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক, কৃষি শ্রমিক ও মৎস্যজীবীরা। বৃষ্টির কারণে ক্ষেত-খামারের কাজ, নির্মাণকাজ ও বিভিন্ন দৈনিক আয়ের কাজ বন্ধ রয়েছে। এতে আয় বন্ধ হয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন অনেক শ্রমজীবী মানুষ।
বান্দিকাটী গ্রামের দিনমজুর ইউনুস গোলদার বলেন, “টানা তিন দিন ধরে কাজে যেতে পারিনি। সংসারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি।” ভ্যানচালক আশরাফুল ইসলাম জানান, বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী কমে গেছে, ফলে সারাদিন ভিজেও কাঙ্ক্ষিত আয় হচ্ছে না।
এদিকে কাঁচা রাস্তা কাদায় পরিণত হওয়ায় শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতেও দুর্ভোগ বেড়েছে। বৈরী আবহাওয়ার কারণে নদী ও মাছের ঘেরেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কমে গেছে। ফলে ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দিয়েছে।
তবে কৃষকদের মতে, আষাঢ়ের এই বৃষ্টি আমন চাষের জন্য উপকারী। কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে যাতে কোথাও জলাবদ্ধতা ও জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
