ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৩ হাজার ৩৪২, আহত ১৬ হাজারের বেশি
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত এবং আরও ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
সরকারি হিসাবে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য বিভিন্ন দেশের ৪ হাজারের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। পাশাপাশি হাজার হাজার সরকারি কর্মী ও স্বেচ্ছাসেবক দুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন।
সরকার জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৯ হাজার ৫৮৫ টন খাদ্য, ৬ লাখ ৬৯ হাজার লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment