স্বর্গীয় সুশীল সরকারের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের ৯ অক্টোবর ৮৩ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। মানবসেবা, সমাজকল্যাণ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই ব্যক্তিত্ব জীবদ্দশায় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।
জীবনের শুরুর দিকে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তিনি তৎকালীন ইন্ডিয়ান রেলওয়েতে স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। পরে স্বদেশি আন্দোলনে যুক্ত হওয়ার কারণে চাকরি ছেড়ে দেন।
পরবর্তী সময়ে আওয়ামী মুসলিম লীগের আমলে খুলনার তৎকালীন লিয়াকত নগর ইউনিয়নের বারবার নির্বাচিত মেম্বার ছিলেন তিনি। এ ছাড়া খুলনার টুটপাড়া জোড়াকল বাজারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন সুশীল সরকার। টুটপাড়া গাছতলা মন্দির প্রতিষ্ঠার শুরু থেকে আমৃত্যু তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।
সুশীল সরকার জীবনের শেষ দিন পর্যন্ত আর্তমানবতার সেবায় কাজ করে গেছেন। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও মানবিক হৃদয়ের অধিকারী এই মানুষটির কাছে কেউ কখনো খালি হাতে ফিরে যাননি বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাই তাঁকে ‘বাবু’ বলে সম্বোধন করতেন। মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও আন্তরিকতার কারণে সর্বস্তরের মানুষের কাছে তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র।
তাঁর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
