তারিক লিটু | আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ ও শিক্ষিত যুবক মো. ইমরান হোসেন। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন। পাশাপাশি স্থানীয় মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন।
ইমরান হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের সঙ্গে যুক্ত। সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেন তিনি। এবার জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করার প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশ নিতে চান।
শিক্ষাজীবনে ইমরান হোসেন কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কপোতাক্ষ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনার সরকারি আজম খান কমার্স কলেজ থেকে হিসাববিজ্ঞানে বিবিএ সম্পন্ন করেন।
তিনি দক্ষিণ বামিয়া যুব সংঘের সভাপতি, মানব কল্যাণ ইউনিটের সহসাধারণ সম্পাদক এবং বাগালি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
স্থানীয় ভ্যানচালক মিজানুর রহমান বলেন, ‘ইমরান তরুণ ও শিক্ষিত ছেলে। এলাকার মানুষের সঙ্গে তাঁর ভালো যোগাযোগ রয়েছে। তাঁর মতো শিক্ষিত ও সচেতন মানুষ জনপ্রতিনিধি হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করি।’
মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়ে ইমরান হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। মানুষের পাশে থাকতে এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। সেই প্রত্যাশা থেকেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হতে আগ্রহী হয়েছি। ইতিমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছি, তাঁদের দোয়া ও সমর্থন চাইছি। নির্বাচিত হলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।’
