নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরায় ট্রলারসহ ৩ জেলে আটক
সুন্দরবনের পূর্বাঞ্চলে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। পরে আটক জেলেদের আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম কটকা অভয়ারণ্যের নদী এলাকায় টহল দেওয়ার সময় একটি জেলে নৌকায় মাছ ধরার বিষয়টি শনাক্ত করে অভিযান চালায়। এ সময় তিনজন জেলেকে হাতেনাতে আটক করা হয় এবং ট্রলার, জালসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মো. সবুর হাওলাদার এবং মালিয়া রাজাপুর গ্রামের মো. বেল্লাল হাওলাদার।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে তিন মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। এই সময় কটকা অভয়ারণ্যে প্রবেশ করে মাছ ধরার কারণে বন আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, আটক জেলেদের শনিবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ প্রবেশ ও মাছ ধরার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment