খুলনায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ শুরু
বিভিন্ন রাজনৈতিক ও জনদাবি সামনে রেখে শনিবার (২০ জুন) দুপুরে খুলনা নগরীর সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। স্লোগান ও ব্যানারে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল এবং আশপাশের এলাকা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে সকালে খুলনায় পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে সার্কিট হাউজে স্বাগত জানান দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পাশাপাশি জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারাও পর্যায়ক্রমে সমাবেশে যোগ দেন।
খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান জানান, খুলনা বিভাগের ১০টি জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নিয়েছেন। উপস্থিত জনতার সুবিধার্থে ময়দান ও আশপাশের এলাকায় শতাধিক মাইকের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছে।
সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে। এতে ডা. শফিকুর রহমান ছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাগপা, লেবার পার্টি, নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি এবং এবি পার্টির শীর্ষ নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment