আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর ফকিরাপুল এলাকায় বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপের খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন পথচারী গুরুতর আহত হয়েছেন।
নিহত আরাফাত রহমান শাওন (২০) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমানে মগবাজার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
স্বজন ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে তারা খেলা দেখতে ওয়ারীর উদ্দেশে রওনা হন। ফকিরাপুল এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। এতে শাওন ও ওই পথচারী গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। আহত পথচারীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, আগামী ৩০ জুন উচ্চশিক্ষার জন্য শাওনের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় গুরুতর আঘাতের কারণে শাওনের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment