কেসিসি মেয়র পদে মিয়া গোলাম পরওয়ারের নাম চূড়ান্ত করেছে জামায়াত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়রপ্রার্থীদের তালিকা প্রস্তুত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্র জানিয়েছে, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে সম্ভাব্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
দলীয় পর্যায়ে স্থানীয় নেতাকর্মীদের মতামত ও সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে দেশের নয়টি সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা করা হয়েছে। এতে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং খুলনার সম্ভাব্য মেয়রপ্রার্থীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকা অনুযায়ী, ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, চট্টগ্রামে শামসুজ্জামান হেলালী, বরিশালে মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে এটিএম আজম খান, ময়মনসিংহে কামরুল আহসান এমরুল, নারায়ণগঞ্জে আবদুল জব্বার এবং গাজীপুরে হাফিজুর রহমানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে রাজশাহী, সিলেট, কুমিল্লা ও বগুড়া সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এসব সিটির বিষয়ে দলের উচ্চপর্যায়ে আলোচনা চলছে এবং পরবর্তী নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, স্থানীয় পর্যায় থেকে পাওয়া প্রস্তাব যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
দলীয় সূত্র আরও জানিয়েছে, সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম ও জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আইন সংশোধনের কারণে এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment