কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এস এম শফিকুল আলম মনা
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মঙ্গলবার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি খুলনার নগর উন্নয়ন কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীতে পরিণত করাই হবে তার প্রধান লক্ষ্য। নগরবাসীর জীবনমান উন্নয়ন, যানজট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মনা বলেন, একটি শহরের উন্নয়ন শুধু ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নাগরিকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই কেডিএর চলমান প্রকল্পগুলোর গতি বাড়ানোর পাশাপাশি নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নগরায়ণের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক সড়ক ব্যবস্থা, ড্রেনেজ উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধি এবং জনসাধারণের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে। খুলনাকে দেশের অন্যতম আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন নগরীতে রূপান্তর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
নবনিযুক্ত চেয়ারম্যান দায়িত্ব পালনে খুলনাবাসীর সহযোগিতা, গঠনমূলক পরামর্শ ও দোয়া কামনা করেন। একই সঙ্গে নগর উন্নয়নের প্রতিটি পদক্ষেপে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment