শিশু আয়াত হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আয়াত অপহরণ ও হত্যা মামলায় প্রধান আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলাটির বিচারকালে মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় বাড়ির পাশের একটি মসজিদে আরবি পড়তে যাওয়ার পর নিখোঁজ হয় শিশু আয়াত। পরে তদন্তে জানা যায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছিল।
তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, অপহরণের পর শিশুটিকে কোথাও গোপনে রাখার সুযোগ না পেয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর অপরাধ গোপনের উদ্দেশ্যে মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
ঘটনার প্রায় দুই সপ্তাহ পর আউটার রিং রোডের আকমল আলী ঘাটসংলগ্ন একটি স্থান থেকে মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও আলামত উদ্ধার করে তদন্ত এগিয়ে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। বহুল আলোচিত এ মামলার রায়ে নিহত শিশুর পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment