টানা বৃষ্টিতে ৭ জেলায় বন্যা, নতুন করে ঝুঁকিতে আরও ১০ জেলা
ঢাকা প্রতিনিধি:
টানা কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় আরও কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
শনিবার (১১ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সুরমা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধির কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদীসংলগ্ন এলাকাও বন্যার ঝুঁকিতে রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে কমতে পারে। একইভাবে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এসব জেলার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে।
বর্তমানে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া ফেনী, খাগড়াছড়ি, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ কয়েকটি জেলা নতুন করে বন্যার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
This theme has been developed by OURISLABD.

Post a Comment